বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বৃত্তি পরিচালন কোম্পানি স্কলারট্রুপ লিমিটেড।
শিক্ষার্থীদের চাহিদা, প্রতিভা ও মেধার ভিত্তিতে আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে বুধবার ইউল্যাবের নিজস্ব ক্যাম্পাসে এই চুক্তি করে স্কলারট্রুপ।
চুক্তিনামায় স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং স্কলারট্রুপের পক্ষে আমান গ্রুপ অব কোম্পানির গ্রুপ ভাইস চেয়ারম্যান তাহসিন আমান।
চুক্তি অনুসারে বিশ্ববিদ্যালয়ের বেতনের ব্যয়ভার বহনেও সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ইউল্যাবের পক্ষে আরো উপস্থিত ছিলেন ইউল্যাব স্কুল অফ বিজনেসের ডিন অধ্যাপক ইমরান রহমান, রেজিস্টার অধ্যাপক আখতার আহমেদ, ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের ডেপুটি ডিরেক্টর রকিব কাসেম, সিনিয়র স্টুডেন্ট অ্যাডভাইজর ফেরদৌসি আরা।
স্কলারট্রুপের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন ম্যানেজার-তাজমারী হক, সিনিয়র এক্সিকিউটিভ নুরুল্লাহ হাসান ও এক্সিকিউটিভ আনিকা ইবতিসাম।
স্বতন্ত্র এবং ব্যবসায়িক দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই ব্যতিক্রমধর্মী আর্থিক সহযোগিতা করে আসছে স্কলারট্রুপ। এই চুক্তিনামা সফলের উদ্দেশ্যে সার্বিক সহযোগিতায় ছিল ইউল্যাবের স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস।
ইত্তেফাক/এমআর
