পদ্মপাতা’র বিরোধাভাস

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২০:২৫

গ্রন্থের নাম ‘পদ্মাপাতা’। ধরে নিচ্ছি এটা একটা নাটকের বই, এরপর মনে হলো—না এটা উপন্যাস। অবশ্য এটা কাব্যগ্রন্থও হতে পারে বা হতে পারে জীবনালেখ্য। এরকম একটা সংশয় নিয়ে পৃষ্ঠা উল্টে ‘পদ্মাতা’য় সরাসরি চলে যাই। সেখানে লেখা আছে—সে আমাকে একটুও ভালোবাসে না/তবু্ আমি তাকে ভালোবাসি/নিয়তির নিয়মে তার সঙ্গে পথ হাঁটি।’ এটা পারভীন রেজার একটি কাব্যগ্রন্থ, যার শিরোনাম কবিতা ‘পদ্মপাতা’।

এরকম একটা সংশয়, একটা বিরোধাভাসের ভেতর দিয়ে কবিতাটি যাত্রা করেছে। আর সে পথ ধরে এগিয়ে গেলে মনে হয় এ পদ্মপাতায়ই। কিন্তু এই ‘পদ্মাপাতা’টা কে? কবি নিজেই, না যার সঙ্গে কবি হাঁটেন, তিনি বা দিনগুলো, সময়গুলো। যে দিন বা সময় পদ্মপাতায় প্রবাহিত, তাতে পড়েই ঝরে পড়ে, টেকে না, বন্ধন তৈরি হয় না। এরকম নানা প্রশ্নই আসলে প্রকৃত কবিতা থেকে উত্সারিত হয়। কোনো সিদ্ধান্তে আসা যায় না শেষাবধি।

আরেকটা কবিতা পাঠ করি আমরা : বিমুগ্ধতার বয়স যার/ফুরায় না কখনও/তাকে তুমি কীভাবে/বিস্তৃত অরণ্যে লুকাবে/মাছরাঙা পাখির ঠোঁটে/গুঁজে দিবে করে করে ছোট মাছ/সে তো এত গুচ্ছ স্বপ্নের রেণু/যাকে বিষণ্ন মলিন করেছে আজ/অরুণিমা দাঁড়ায় প্রভাবে/নিগুঢ় ভালোবাসার চিত্কারে।

এভাবে প্রবাহিত হয় কবিতাটা। কী এক রহস্যময় গল্প যেন। আর এমন চৌকস পঙিক্ত উচ্চারিত হলো এই কবিতায় যে, কবিতার দিকে টেনে নেয় পাঠককে। এভাবে খুঁজে খুঁজে আহরণ করলে অনেক ভালো কবিতাই পাওয়া যায় বইটিতে। ১২৮ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থে সাধারণত অন্যান্য কাব্যগ্রন্থের তুলনায় অনেক বেশি কবিতা রয়েছে। ফলে অনেকরকম কবিতা পাওয়া যায়। এতে কবিতার শক্তিটাও এক বইয়ে অনেকটাই বোঝা যায়। বইটিতে আবারও বলি, খুঁজে খুঁজে অনেকগুলোই চমকিত হওয়ার মতো কবিতা পাওয়া যায়। কিন্তু একইসঙ্গে সাধারণ অনেক কবিতা রয়েছে; যা মনে হয় প্রতিনিধিত্বশীল নয়। সেক্ষেত্রে কবি যদি কলেবর আরেকটু ছোট করে আরো বাছাই করে কবিতা রাখতেন, তাহলে সেটা কবিকে আরো তীব্র করে তুলত পাঠকের কাছে।

সবমিলিয়ে, একটা বইয়ে যদি পাঁচটা পাঠযোগ্য কবিতা থাকে, তাও কম কিসে। সে বিবেচনায় পারভীন রেজার সদ্যপ্রকাশিত এই কাব্যগ্রন্থ আগ্রহেরই জন্ম দেবে। তিনি এখানে পাঁচটা কেন, তারও অনেক বেশি ভালো কবিতাই লিখেছেন।

পদ্মাপাতা

পারভীন রেজা

প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর

প্রকাশক : আপনপ্রকাশ

দাম : ৩০০ টাকা