রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম কাছিম উদ্দিন (৭২)।
রবিবার সকালে সেহরীর পর তিনি মেয়ের বাসা থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন পরই শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পিকআপ ভ্যান ও এর চালক রমজান আলীকে গ্রেফতার করেছে।
আদাবর থানার এসআই মামুনুর রশিদ জানান, নিহত কাছিম উদ্দিপনা গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভালকি নয়াপাড়া। গত মঙ্গলবার আদাবরের ১৬/বি রোডের ৩১/এ নম্বর বাড়িতে তিনি তার মেয়ে রেহানা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন।
সেহরীর পর তিনি মেয়ের বাসা থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। বাসা থেকে বের হয়ে শ্যামলী চৌরাস্তায় যেতেই বেপরোয়া একটি পিকআপভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার পরপরই আদাবর থানা টহল পুলিশের একটি গাড়ি ঘাতক পিকআপ ভ্যানের পিছু নেয়। পরে টেকনিক্যাল মোড়ে গিয়ে পুলিশ পিকআপ ভ্যান ও এর চালক রমজান আলীকে গ্রেফতার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএম।
