একই গ্রুপে পর্তুগাল এবং মেক্সিকো। তাই কনফেডারেশন্স কাপের সেমি-ফাইনালে খেলা একটু কঠিনই হবে স্বাগতিক রাশিয়ার জন্য। তবে উদ্বোধনী খেলায় সহজ প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে তারা।
গত শনিবার সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামে খেলার ৩১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধ্বে এরপর আর কোনো গোলের দেখা পায়নি তারা। তবে ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৭ বছর বয়সী স্টাইকার ফিওদর সমোলভ।
স্বাগতিকদের সঙ্গে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি নিউজিল্যান্ড। অগোছালো মিডফিল্ড বল ধরে রাখতে পারেনি। অতিথিরা লক্ষ্যে রাখতে পেরেছে মোটে দুটি শট। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই জয় কিছুটা হলেও চাপ কমাবে রাশিয়ার উপর। কয়েকদিন আগে ৬৩তম র্যাংকিংধারী দলটির কাছ থেকে আরো ভালো পারফরম্যান্স দাবি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবারও খেলা শুরুর মিনিট বিশেক আগে হেলিকপ্টারে স্টেডিয়ামে চলে আসেন তিনি। উদ্বোধনী ভাষণে রুশ রাষ্ট্রপতি বলেন, ‘খেলার শেষ মিনিট পর্যন্ত এই আধুনিক ফুটবল স্টেডিয়ামটিতে সত্ভাবে কঠিন লড়াই হবে।’
আট দলকে নিয়ে দুই সপ্তাহব্যাপী আয়োজনের শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘সুন্দর খেলার মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আসরটি দেশ এবং মহাদেশের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তুলবে।’
খেলার পর গোলদাতা সমোলভ বলেন, ‘দেশের মানুষকে জাতীয় দলকে ভালোবাসানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
পরের খেলায় মস্কোতে ইউরোপ সেরা পর্তুগালের মুখোমুখি হবে স্বাগতিকরা। অন্যদিকে সোচিতে মেক্সিকোর মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
এদিকে গ্রুপ ‘বি’র খেলায় আসরের অন্যতম ফেভারিট জার্মানির বিপক্ষে আজ সোমবার মাঠে নামবে অস্ট্রেলিয়া। জার্মান কোচ জোয়াকিম লোর দল নির্বাচন থেকেই বোঝা যায়, আসরে মূলত তিনি তার দলকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চান। শাখোদ্রান মুস্তাফি, জুলিয়ান ড্রাক্সলারদের মতো পরিচিত মুখ বলতে যারা আছেন, তারাও মূলত তরুণ।
তাই বলে জার্মান দলকে হালকাভাবে নিচ্ছেন না অস্ট্রেলিয়ান কোচ অ্যাঞ্জে পোস্টেকোলগো, ‘জার্মানি সঠিক কাজ করছে। তারা ইতিমধ্যে জানিয়েছে, ১২ মাসের মধ্যে তারা বিশ্বকাপ জিততে চায়। তাই এটা তাদের প্রস্তুতির অংশ। কেউ কেউ ভাবতে পারে, তাদের এই দলটার কিছু দুর্বলতা আছে। আমরা কিন্তু বিষয়টা এভাবে দেখছি না। তারা যে ফুটবল খেলার জন্য বিখ্যাত, তাকে কোনোমতেই হালকাভাবে নেওয়ার নেই।’ডেইলি টেলিগ্রাফ।
ইত্তেফাক/এমআর
