গত অক্টোবর থেকে সহিংসতায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কাসাই এলাকায় ৩ হাজার ৩শ মানুষ নিহত হয়েছে। ক্যাথলিক চার্চ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ কথা।
কাসাই অঞ্চলে বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ের ফলে এত মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রচুর বেসামরিক মানুষ নিহতও রয়েছে। স্থানীয় এক নেতার মৃত্যুর পরে গত আগস্টে এই সহিংসতার শুরু হয়। জাতিসংঘ জানিয়েছে, ২০টি গণকবর আবিষ্কৃত হয়েছে যেখানে ৪০০ মৃতদেহ পাওয়া গেছে। ক্যাথলিক চার্চ জানিয়েছে, সহিংসতায় ২০টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যার অর্ধেকের বেশি সেনাবাহিনী ধ্বংস করেছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কঙ্গোর সহিংসতা বিষয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে কি না এই বিষয়ে ভোটাভুটি করবে। কঙ্গো জানিয়েছে তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করবে। সহিংসতায় কমপক্ষে ১০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ত্রাণকার্য অপর্যাপ্ত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে দাতব্যকর্মীরা।
ইত্তেফাক/সাব্বির
