নগরীর কাটপট্টি রোডে নিজ বাসা থেকে জয় হালদার (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কাটপট্টির টাউন ফার্মেসীর চতুর্থ তলার ফ্লাট থেকে লাশ উদ্ধারের কথা জানিয়েছে কোতয়ালী পুলিশ। নিহত কিশোর ফ্লাটের বাসিন্দা নূপুর হালদারের ছেলে ও নগরীর আসমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন এর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পরিবারের পক্ষ থেকে ওই কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানালেও তার কারণ জানাতে পারেনি।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোফরান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
নিহতের বাবা নূপুর হালদার জানান, ঘটনার সময় তিনি কিংবা পরিবারের কেউ বাসায় ছিলেন না। জয় একাই ঘরের ভেতরে ছিল। বাসায় ফিরে দেখতে পান ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান জয় ড্রয়িং রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।
তখন পুলিশকে খবর দেয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছবার আগেই ঝুলন্ত অবস্থা থেকে জয়কে উদ্ধার করেন। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কোন কারণ জানাতে পারেননি জয়ের পরিবার।
ইত্তেফাক/এমআই
