ঈদে সন্ত্রাসী হামলার হুমকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০১৭, ১৯:৩২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন ঈদকে ঘিরে কোনো ধরনের সন্ত্রাসী হামলার হুমকি নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী বসে নেই, জনসাধারণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। 
 
বুধবার ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট পরিদর্শন শেষে নিউ মার্কেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 
 
তিনি বলেন, ‘আমি বিভিন্ন মার্কেটের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছি। প্রতিটি মার্কেটের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মার্কেটে নিরাপত্তার জন্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’ 
 
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো  ধরনের হুমকি আসেনি। হুমকি আসবে বলে আমরা মনেও করছি না। তবে আমরা বসে নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছেন।
 
তিনি আরো বলেন, ঈদের ছুটিতে রাজধানীর বাড়িগুলোতে পর্যান্ত নিরাপত্তা দেয়া হবে। আমাদের ভ্রাম্যমাণ পুলিশ ও চেকপোস্টগুলো সতর্ক অবস্থানে থাকবে।
 
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত কমিশন মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেলী ফেরদৌউস, উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ও পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।
 
ইত্তেফাক/ইউবি