আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, রাস্তায় চলাচল করা লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে সেটা পার্মানেন্টলি (স্থায়ীভাবে) বাজেয়াপ্ত করা হবে। আর ফেরত দেয়া হবে না। শুধু ঈদকে সামনে রেখে নয়, সারা বছরই মোটরসাইকেলের বিরুদ্ধে এ পদক্ষেপ চলবে। ট্রাফিক পুলিশ যারা এ গুলো দেখে তারাই বাজেয়াপ্ত করবে। এটার জন্য বিশেষ আইনের দরকার নেই।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ সব তথ্য জানান।
সভার সিদ্ধান্ত তুলে ধরে আমির হোসেন আমু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাবাহিনী জানিয়েছে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে।
তিনি বলেন, জঙ্গি কার্যক্রম বিশেষ করে হলি আর্টিজান ঘটনার পর জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর ফলে তাদের কার্যক্রম ধ্বংস করা হয়েছে, যা বিশ্বে আর কোথাও ঘটেনি। এটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে সম্ভব হয়েছে। এজন্য তাদের বিশেষভাবে অভিনন্দন জানাই। প্রশংসা করি ও ধন্যবাদ জানাই।
আমির হোসেন আমু বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা শহরে ৪১০টি ঈদের জামাতসহ সারাদেশের ঈদের জামাতে নিরাপত্তা দেয়া হবে। ঈদে ঢাকা শহরে কূটনৈতিক এলাকাসহ শপিংমল ও বিভিন্ন টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা।
ইত্তেফাক/ইউবি
