২৪ ঘণ্টায় মালিঙ্গার ১০ উইকেট

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:২৮

লাসিথ মালিঙ্গা ছিলেন রহস্য বোলার। গত কিছুদিন তার খেলা নিয়ে চলছিল রহস্য। তাকে আইপিএল চাচ্ছিল; মুম্বাই ইন্ডিয়ান্স চাচ্ছিল। শ্রীলঙ্কা বোর্ড তাকে আইপিএল খেলার ছাড়পত্রও দিয়ে দিয়েছিল; কিন্তু মালিঙ্গা নিজে চাচ্ছিলেন দেশে প্রাদেশিক একদিনের ক্রিকেট টুর্নামেন্ট খেলতে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে দুই কূলই রক্ষা করেছেন। বুধবার রাতে প্রথমে খেলেছেন মুম্বাইয়ের হয়ে। চেন্নাইয়ের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন ৩৪ রানে। এরপর উড়ে চলে গেছেন দেশে। সেখানে গিয়ে ঘরোয়া টুর্নামেন্টে ক্যান্ডির বিপক্ষে গলের দলকে নেতৃত্ব দিয়েছেন। আর সেই ম্যাচে শুরুতেই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। সবমিলিয়ে ম্যাচে ৪৯ রানে ৭ উইকেট নিয়েছেন। মানে, ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভিন্ন ভিন্ন দেশের লিগে ১০টি উইকেট তুলে নিয়েছেন।