বাবা-মেয়ের ঈদের কেনাকাটা হলো না

আপডেট : ২২ জুন ২০১৭, ০৯:১৯
 
বাড়ি থেকে বাবা-মেয়ে বের হয়েছিলেন ঈদের কেনাকাটা করতে; কিন্তু রাস্তা পার হতে গিয়ে ঘাতক বাস কেড়ে নিল তাদের প্রাণ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর ডেমরার বামৈল বাসস্ট্যান্ড এলাকায়। বুধবার সন্ধ্যায় বাসের চাপায় পুলিশ কনস্টেবল আরিফুল জামান রতন (৪০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩) ঘটনাস্থলে নিহত হন।
 
নিহত পুলিশ কনস্টেবল আরিফুলের ভাই অ্যাডভোকেট মামুন জানান, তার ভাই আরিফুল কোর্ট জিআরওতে কর্মরত। সন্ধ্যায় ডেমরার হাজীনগরের বাসা থেকে বাবা-মেয়ে বের হন ঈদের কেনাকাটা করার জন্য। বামৈল বাসস্ট্যান্ডে তারা রাস্তা পাড় হওয়ার সময় রানীমহল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
 
ডেমরা থানার ওসি জানান, ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/কেকে