নতুন মাঠে জয়ে ফিরল টটেনহ্যাম

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৩১

টটেনহ্যাম হটস্পার নতুন মাঠে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে। একে নতুন যুগের সূচনা আখ্যা দিয়ে দলের কোচ মরিসিও পচেত্তিনো জানালেন ‘বড় কিছুর’ জন্যে ভাবতে হবে তার দলকে।

প্রায় এক বিলিয়ন পাউন্ড খরচায় নতুন স্টেডিয়াম তৈরি করেছে টটেনহ্যাম। এটি বিশ্বের প্রথম মাঠ যাতে প্রত্যাহারযোগ্য রাগবি পিচ রয়েছে। এর নিচে ঘাসের টার্ফে চলবে ফুটবল। এমন ঝাঁ চকচকে স্টেডিয়ামের মালিকদের চ্যাম্পিয়ন্স লিগে খেলা উচিত বলে মন্তব্য করেছিলেন পচেত্তিনো। আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে না খেলতে পারাটা লজ্জাজনক হবে। আমরা লড়াই করতে যাচ্ছি। আমাদের আরো সাত ম্যাচ বাকি যার পাঁচটাই এখানে, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ শুরু করলেও শেষ পাঁচ ম্যাচে জিততেই ভুলে গিয়েছিল স্পার্সরা। আর্সেনালের বিপক্ষে ড্র বাদে হেরেছিল বাকি চারটিই। এর খেসারত দিয়ে পয়েন্ট তালিকায়ও অবনমন ঘটেছিল তাদের। তবে নতুন স্টেডিয়ামে পা রাখতেই দারুণ আত্মবিশ্বাসী দেখালো টটেনহ্যামকে।

সন হিউং মিন ও ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় নিয়ে আবারও পয়েন্ট তালিকার তিনে চলে এসেছে তারা।

শেষ কয়েক মৌসুমে দারুণ দল নিয়েও কোনো শিরোপা জিততে ব্যর্থ হওয়ায় কম সমালোচনার মুখে পড়েননি পচেত্তিনো ও তার দল। তবে নতুন ঠিকানায় নতুন অধ্যায় শুরুর আহ্বান জানালেন এই কোচ। তিনি বলেন, ‘পুরনো অধ্যায় বন্ধ করে নতুন করে শুরু করতে হবে আমাদের। এটা টটেনহ্যামের জন্য নতুন এক অধ্যায়।’

‘বড় কিছুর’ লক্ষ্যে এখনই কাজ শুরু করার তাগিদ দিয়ে পচেত্তিনো বলেন, ‘টটেনহ্যামকে বড় কিছুর জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে মূলনীতিগুলো এখনই ঠিক করা প্রয়োজন। কারণ অনুশীলন মাঠ ও এই নতুন স্টেডিয়ামে আপনি কেবল বড় কিছুরই চিন্তা করতে পারেন।’