ফের শীর্ষে সিটি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৩৩

শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে। জয়ের পর পেপ গার্দিওলা জানালেন শিরোপা ধরে রাখতে হলে আর পয়েন্ট হারানো চলবে না দলের। প্রতিযোগিতার অন্য ম্যাচে চেলসি ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে।

গেল সপ্তাহে টটেনহ্যামকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গিয়েছিল লিভারপুল। বুধবার নিজেদের মাঠ ইতিহাদে লেরয় সানে ও কেভিন ডি বু্রইনের লক্ষ্যভেদে কার্ডিফকে হারিয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে গার্দিওলার শিষ্যরা।

প্রিমিয়ার লিগের ৩২তম রাউন্ড শেষে ৮০ পয়েন্ট নিয়ে লিভারপুল থেকে ন্যূনতম ব্যবধানে এগিয়ে আছে সিটি। দলের অগ্রগামিতা সত্ত্বেও কোচ গার্দিওলা জানালেন সিটির হোঁচটের সুযোগ নিতে মুখিয়ে আছে প্রতিদ্বন্দ্ব্বী লিভারপুল। স্প্যানিশ কোচ বলেন, ‘আমি মনে করি, এখান থেকে আর পয়েন্ট খোয়ালে চ্যাম্পিয়ন হতে পারবো না আমরা।’

কার্ডিফের বিপক্ষে জয়টিকে মোটেও খাট করে দেখছেন না পেপ। তার মতে সপ্তাহের মাঝামাঝিতে এই খেলায় বেশ প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল তার দল। তিনি বলেন, ‘আমি জানিনা আপনারা কীভাবে লিখতে যাচ্ছেন কিন্তু সপ্তাহের মাঝে কার্ডিফের বিপক্ষে ম্যাচটি সবাই যেমন ভেবেছিল তেমন সহজ হয়নি। ছোট ছোট সব ব্যাপারেও দারুণ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ম্যাচটা শুরু করেছিল ওরা।’

তিনি আরো বলেন, ‘যা আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে তা হলো—আমাদের এত কম গোল করা। বিশেষত দ্বিতীয়ার্ধে আমরা যেমন সুযোগ তৈরি করেছিলাম তাতে আমাদের অনেক গোল করা উচিত ছিল। এটাই আমাদের আক্ষেপ।’

চোট জর্জরিত এক মৌসুম পার করা কেভিন ডি বু্রইনের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল সিটি। গার্দিওলা জানালেন দল দারুণ ফর্মে থাকলেও বেলজিয়ান এই মিডফিল্ডারের শূন্যতায় ভুগেছে সিটিজেনরা। তিনি বলেন, ‘ম্যাচের ফলাফল হয়তো তা বলছে না কিন্তু আমরা তার শূন্যতায় ভুগেছি। সে আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর আজ প্রথমার্ধে বিশেষত প্রথম ১৫-২০ মিনিটে সে অবিশ্বাস্য খেলেছিল সে।’

সিটির জয়ের রাতে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে চেলসিও। ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে তাদের জয়ের ব্যবধান অবশ্য সিটি থেকে বেশিই। অলিভিয়ের জিরু, এডেন হ্যাজার্ড ও রুবেন লফটাস চিকের লক্ষ্যভেদে তিন গোলের জয় পায় কোচ মাউরিজিও সারির শিষ্যরা।