কালাইয়ে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২২ জুন ২০১৭, ২১:০০
 
জয়পুরহাটের কালাইয়ে আছমা বেগম (৫০) নামে এক নারীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগইল গ্রামে ঘটেছে।
 
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাগইল গ্রামের আব্দুল ওয়াহেদের স্ত্রী আছমা বেগম (৫০) দীর্ঘদিন থেকে শরীর অসুস্থতা ও মানসিক ভারসাম্যহীনতা রোগে ভুগছিলেন। এ কারণে যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিকেলে সবার অজান্তে নিজ শয়ন কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন।
 
এ ঘটনায় প্রথমে তাদের বাড়িতে ফেতরার টাকা নিতে এসে কয়েকজন ভিক্ষুক ডাকাডাকি করার পর বাড়িতে কাউকে না পেয়ে ঘরের জানালা দিয়ে ভিতরে দিকে তাকালে তারা আছমা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়। ওই অবস্থায় ভিক্ষুকরা চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন। কালাই থানার ওসি তদন্ত সাইদুর রহমান বলেন, 'লাশ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'
 
ইত্তেফাক/জামান