বোলারদের কল্যাণে রূপগঞ্জের বড় জয়

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৩৪

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে চলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত এই দুই ক্লাবের সমান্তরালে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব কিছুটা পিছিয়ে পড়েছে। প্রিমিয়ার লিগে নয় ম্যাচ খেলে আবাহনী ও রূপগঞ্জের জয় এখন আটটি করে। সমান ম্যাচে দোলেশ্বরের জয় ছয়টি। আট ম্যাচে প্রাইম ব্যাংকের জয়ও ছয়টি। আজ বিকেএসপির বিরুদ্ধে জিতলে প্রাইম ব্যাংকের নাগালেই থাকবে আবাহনী ও রূপগঞ্জ।

গতকাল নবম রাউন্ডে মিরপুরে দোলেশ্বরকে হারিয়েছে আবাহনী। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আট উইকেটের বড় জয় পেয়েছে রূপগঞ্জ। দুই দলের জয় সমান হলেও রান রেটে এগিয়ে আবাহনী। গতকাল ফতুল্লায় দিনের আরেক ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৩৯ রানে পরাজিত করেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

বিকেএসপিতে ম্যাচটা হয়েছে লো স্কোরিং। রূপগঞ্জের জয়ের ভিতটা গড়ে দিয়েছেন বোলাররা। আগে ব্যাট করে ৪৩.২ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। তানবির হায়দার ৩৫, ফারদিন ২৮, নুরুল হাসান সোহান ২৫, ইমতিয়াজ ১১ রান করেন। রূপগঞ্জের নাবিল সামাদ ও মুক্তার আলী তিনটি করে উইকেট নেন।

জবাবে মোহাম্মদ নাঈম ও মুমিনুল হকের জোড়া হাফ সেঞ্চুরিতে ২৮.৪ ওভারে দুই উইকেটে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। নাঈম ৬৩, মুমিনুল হক অপরাজিত ৬০, নাঈম ইসলাম অপরাজিত ৮, মেহেদী মারুফ ১২ রান করেন। রূপগঞ্জের নাবিল সামাদ ম্যাচ সেরা হন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাঘর প্রথমে ব্যাট করে চার উইকেটে ২৫৭ রানের স্কোর গড়ে। মাহিদুল ইসলাম অপরাজিত ৭৭, শাহরিয়ার কোমল ৫৬, অমিত মজুমদার ৪১, রবিউল ইসলাম রবি ৩৮, মইনুল অপরাজিত ২৩ রান করেন। উত্তরা স্পোর্টিংয়ের মোহিমিনুল ও শেখ হুমায়ন দুটি করে উইকেট নেন।

কিন্তু উত্তরা স্পোর্টিং আট উইকেটে ২১৮ রানের বেশি তুলতে পারেনি। মোহিমিনুল ৯৩, মিনহাজুল আবেদীন ৩৭, শানাজ আহমেদ ১৭, শেখ হুমায়ন অপরাজিত ১৬, সাজ্জাদ হোসেন অপরাজিত ১৬ রান করেন। খেলাঘরের রবিউল ইসলাম রবি, রবিউল হক, তানভির দুটি করে উইকেট নেন। খেলাঘরের মাহিদুল ইসলাম ম্যাচ সেরার পুরস্কার পান। 

সংক্ষিপ্ত স্কোর

লিজেন্ডস অব রূপগঞ্জ-শেখ জামাল ধানমন্ডি ক্লাব

শেখ জামাল: ৪৩.২ ওভারে ১৪১ (তানবির হায়দার ৩৫, ফারদিন ২৮, নুরুল হাসান সোহান ২৫, ইমতিয়াজ ১১, মনস্টুপ মজুমদার ১০, নাবিল সামাদ ৩/৩০, মুক্তার আলী ৩/৩৩, শহীদ ১/২১, শুভাশীষ ১/২৮, রিশি ধাওয়ান ১/২৮)

রূপগঞ্জ: ২৮.৪ ওভারে ১৪৫/২ (নাঈম ৬৩, মুমিনুল হক ৬০*, নাঈম ইসলাম ৮*, মেহেদী মারুফ ১২, ইলিয়াস সানি ১/২১, এনামুল হক ১/৩২)

ফলাফল: রূপগঞ্জ আট উইকেটে জয়ী

 

উত্তরা স্পোর্টিং ক্লাব-খেলাঘর সমাজকল্যাণ সমিতি

খেলাঘর: ৫০ ওভারে ২৫৭/৪ (মাহিদুল ইসলাম ৭৭*, শাহরিয়ার কোমল ৫৬, অমিত মজুমদার ৪১, রবিউল ইসলাম রবি ৩৮, মইনুল ২৩*; মোহিমিনুল ২/৪০, শেখ হুমায়ন ২/৪০)

উত্তরা: ৫০ ওভারে ২১৮/৮ (মোহিমিনুল ৯৩, মিনহাজুল আবেদীন ৩৭, শানাজ আহমেদ ১৭, শেখ হুমায়ন ১৬*, সাজ্জাদ হোসেন ১৬*, মিনহাজ খান ১৫, আনিসুল ইসলাম ১৩; রবিউল ইসলাম রবি ২/১৮, রবিউল হক ২/৪৬, তানভির ২/৩৯, মইনুল ১/৪৮)

ফলাফল: খেলাঘর ৩৯ রানে জয়ী