ভারতকে ২০১৯ বিশ্বকাপে দৃষ্টি দিতে আহবান দ্রাবিড়ের

আপডেট : ২৩ জুন ২০১৭, ১৭:২২
২০১৯ বিশ্বকাপের জন্য সেরা দল গঠনের লক্ষ্যে পরীক্ষামুলক ওয়ানডে দল নির্বাচনের জন্য নির্বাচকদের প্রতি আহবান জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে পরাজিত হওয়া ভারতীয় দল আজই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে।
 
চ্যাম্পিয়ন্স ট্রফির দলের অধিকাংশ খেলোয়াড়কে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। কেবলমাত্র ওপেনার রোহিত শর্মা ও ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেয়া হয়েছে। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রিসাব পান্ট।
 
আগামী দুই বছর পর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দলের জন্য অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং সঠিক ব্যক্তি কিনা সে বিষয়ে অবশ্যই নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করছেন দ্রাবিড়। যুবরাজ ও ধোনি উভয়েরই বয়স এখন ৩৫ এবং ওয়ানডে ক্রিকেটে তারা যথাক্রমে চার ও পাঁচ নম্বরে ব্যাট করেন। ইএসপিএনক্রিকইনফোকে দ্রাবিড় বলেন, ‘পূর্ণ শক্তির দল নিয়ে তারা ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
 
‘আমার আশা তারা অন্তত সেরা একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে এবং আরো খেলোয়াড়দেরকে বেশি সুযোগ দেবে। সেটা না করলে হঠাৎ করে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যখন আপনি বলতে চাইবেন না বিশ্বকাপের মাত্র এক বছর সময় আছে ‘আমরা খেলোয়াড়দেরকে সুযোগ দেইনি সুতরাং আমাদের যারা আছে তাদের নিয়েই দল গঠন করতে হবে।’
 
ইত্তেফাক/রেজা