রাজধানীতে দুই বাসের পাল্লায় প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট : ২৩ জুন ২০১৭, ১৮:৩৪
রাজধানীর মিরপুরে বেপরোয়া গতিতে দুটি বাসের পাল্লা দেয়ার সময় আবুল হাসেম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 
 
শুক্রবার সকাল ১১টায়  মিরপুর ২নং সেকশন ফুট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। আবুল হাসেম বাসে করে উত্তরার দিকে যাচ্ছিলেন। 
 
হাসেমের সঙ্গে থাকা তার খালাতো ভাই নাহিদ জানান, তারা দুজন উত্তরায় শপিংয়ে যাচ্ছিলেন। মিরপুর ২ নম্বরে এসে প্রজাপতি বাস ও তাদের বাস দ্রুত গতিতে চলতে থাকে। হাসেম জানালা দিয়ে মাথা বাইরে বের করলে প্রজাপতি বাসের চাপায় নাক ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করেন।
 
ঢামেক নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসেম মিরপুর পলিটেকনিক ইনস্টিউটের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেসিস্টারের ছাত্র ছিল। গ্রামের বাড়ি  ঢাকা জেলার কেরানীগঞ্জের বাটারাকান্দি। মিরপুর মধ্যপাইকপাড়া এলাকার একটি বাসায় পরিবারের সাথে থাকতো।
 
ইত্তেফাক/ইউবি