ইরাকে মসুলের পূর্বাঞ্চলীয় এক বাণিজ্যিক এলাকায় আত্মঘাতী হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। শনিবার দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান।
কয়েক মাস আগে শহরটি জিহাদিদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়। জানা গেছে, শুক্রবার রাতে মুতান্না এলাকায় এ হামলা চালানো হয়। স্থানীয়রা এ সময় ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করছিল।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘একজন পুলিশ সদস্য বাধা দিলে প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’
দ্বিতীয় আত্মঘাতী হামলাকারী একটি মার্কেটে ঢুকে জনতার মধ্যে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত দুই জন নিহত ও অপর নয় জন আহত হয়। এছাড়া বোমা বিস্ফোরণ ঘটানোর আগেই পুলিশের গুলিতে নিহত হয় তৃতীয় আত্মঘাতী বোমা হামলাকারী। এএফপি।
ইত্তেফাক/সেতু
