অজ্ঞান পার্টির খপ্পরে বরিশালগামী লঞ্চের ৯ যাত্রী

আপডেট : ২৪ জুন ২০১৭, ১৮:২০
ঈদ উপলক্ষ্যে লঞ্চে ঢাকা থেকে বরিশালে আসার পথে ৯  জন যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পরে অসুস্থ হয়ে পড়েছেন। বরিশাল নদী বন্দরে আসার পর ফায়ার সার্ভিসের সদস্যরা অসুস্থ এসব যাত্রীদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।
 
শনিবার ভোরে ঢাকা থেকে বরিশালে লঞ্চে আসা এসব যাত্রীরা অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে পড়েন বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।
 
অজ্ঞান পার্টির খপ্পরে পরে অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তারা হলো- ঝালকাঠির নলছিটির বাসিন্দা সেলিম খান (৬০), পটুয়াখালীর বাউফলের বাসিন্দা আনসার উদ্দিন (৪০), নলছিটি এলাকার রাজীব (২৫), রাজবাড়ি এলাকার মকবুল (২২), শায়েস্তাবাদ এলাকার সোহেল (১৮), বানারীপাড়া এলাকার বাসিন্দা মো. মনির (২৫), মঠবাড়িয়া এলাকার সনিম (২২), মনির (২৩) এবং বাকেরগঞ্জের বাসিন্দা শুভ (২০)।
 
এরা সকলেই সুন্দরবন এবং পারাবাত কোম্পানির বিভিন্ন লঞ্চে ঢাকা থেকে বরিশাল আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
 
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত পাল জানান, অসুস্থ এসব লঞ্চ যাত্রীদের অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। এরা সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি