কাশ্মীরে স্কুলের ভেতর জঙ্গি, সেনাদের সঙ্গে গুলি বিনিময়

আপডেট : ২৫ জুন ২০১৭, ১৩:৩৯
ভারত শাসিত কাশ্মীরের একটি স্কুলের ভেতর ঢুকে পড়েছে জঙ্গিরা। আর সেখান থেকেই সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে তারা। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এখবর জানা গেছে। 
 
ওইসব প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত শনিবার শ্রীনগরের পাঠানচক এলাকায় সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। তাদের জবাবের মুখে পড়ে কাছেরই একটি স্কুলে ঢুকে পড়ে জঙ্গিরা। ওই দিনই দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হন সাহেব শুক্ল নামে এক সাব ইনস্পেক্টর। IMG0
জঙ্গিদের হত্যা করতে পুরো স্কুল ঘিরে ফেলে সেনারা। রাতভর সেনা-জঙ্গির ব্যাপক গুলির লড়াই চলে। রবিবার ভোরের আলো ফুটতেই জওয়ানদের লক্ষ্য করে ফের গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
IMG1
সিআরপিএফ সূত্রে জানা গেছে, জঙ্গিরা আশ্রয় নেয়ার সময় স্কুলটি বন্ধ ছিল। তবে তালা ভেঙেই সেই স্কুলে ঢুকে পড়ে জঙ্গিরা। সেখানে অন্তত ৪০০টি রুম রয়েছে। ফলে জঙ্গিদের খুঁজে বের করা বেশ অসুবিধার বলে জানিয়েছে সেনা সূত্র। এছাড়া ঘটনাস্থল থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই স্থানীয় সেনা সদর দফতর। খবর পেয়ে সেখান থেকে আরও সেনা ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু