নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উদযাপিত হয়েছে।
রবিবার দুপুরে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে রথযাত্রা রাজধানীর জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পুরানা পল্টন মোড়, প্রেসক্লাব, দোয়েল চত্ত্বর, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রা শুরুর আগে স্বামীবাগ ইসকন মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া প্রমুখ। রথযাত্রার উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
প্রতিবারের মতো এবারও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) রথযাত্রার আয়োজন করে। আটদিন পর ৩ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে রথের উল্টো রথযাত্রা শুরু হবে। রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানীর মধ্যেও যানজটের সৃষ্টি হয়।
ইত্তেফাক/ইউবি
