গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

আপডেট : ২৫ জুন ২০১৭, ২২:০৩
যথাযথ উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। 
 
বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের আয়োজনে এথেন্সের কুমুদুরু পার্কে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনসহ হাজার হাজার ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি এখানে নামাজ আদায় করেন। 
 
রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্প্রীতির আহ্বান জানান। রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতর এর মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রবাসী বাংলাদেশিদের জীবন। মানুষে মানুষে প্রীতির বন্ধনে গড়ে উঠুক ঐক্য। প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান। 
 
ঈদের জামাতে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।  
IMG0
এরপর দূতাবাসের পক্ষ থেকে সকাল ১১টায় এথেন্সের বাইরের বিভিন্ন দ্বীপ অঞ্চল, গ্রিসের অন্যান্য শহর এবং মাল্টায় বসবাসরত প্রবাসীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ “দূর - শুভেচ্ছার” আয়োজন করা হয়। মাল্টায় সমবর্তী দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন গ্রিসের মানোলাদা, থেসালোনিকি, ক্রিট, কস, সান্তোরিনী, জাকিন্থোস দ্বীপ এবং মাল্টায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। 
 
এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী এবং প্রথম সচিব সুজন দেবনাথসহ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
 
এ উপলক্ষে রাষ্ট্রদূত দূর-দূরান্তের প্রবাসীদের পরিবার পরিজনের খোঁজ-খবর নেন এবং তিনি তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন। এথেন্সের বাইরে বসবাসরত প্রবাসীরা দূতাবাসের এ আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
 
রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এবং দূতাবাসের কর্মকর্তাগণ এথেন্সে চিকিৎসারত একজন প্রবাসী বাংলাদেশীর সাথেও হাসপাতালে ঈদ শুভেচ্ছা বিনিময় করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।   
 
পবিত্র ঈদের দিন সন্ধ্যায় রাষ্ট্রদূতের সরকারী বাসভবন, বাংলাদেশ হাউসে একটি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়। এই আয়োজনে গ্রিসে বসবাসরত বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। তারা রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ও তার সহধর্মিনী মিসেস শায়লা পারভীনের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের পর আমন্ত্রিত অতিথিরা ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করেন।  
 
 
ইত্তেফাক/ইউবি