কক্সবাজারের মহেশখালী উপজেলায় অস্ত্রসহ জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মুকবেকীর গোদারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে চারটি এলজি বন্দুক, দুটি কিরিচ ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- আশরাফ হোসাইন টিপু প্রকাশ সাদ্দাম, মো. হানিফ, শফিউল আলম, মো. শহিদুল্লাহ এবং আতাউর রহমান। তারা সকলেই শাপলাপুর ইউনিয়নের মুকবেকীর বাসিন্দা এবং জামায়াতের ইউনিয়ন ও উপজেলার দায়িত্বশীল নেতা।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শাপলাপুর ইউনিয়নের প্রধান ঈদ জামাতের আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের ছোট ভাই সাদ্দাম ও জামায়াতের একদল সক্রিয় সদস্য ঈদগাহ মাঠে প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোকজনকে ধাওয়া করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যান। পরে মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার দায়ে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
