ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৪৭

ভূরুঙ্গামারীতে এইচএসসি (বিএম) পরীক্ষা কেন্দ্রে একজন ছাত্রের উত্তরপত্র পরীক্ষা কক্ষে ফেলে রাখার অভিযোগে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  বরখাস্ত করা হয়েছে।

উপজেলার শহীদ লে. সামাদ নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ২০১৯ সালের এইচএসসি (বিএম) পরীক্ষা ভূরুঙ্গামারী সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার ওই কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় একজন শিক্ষার্থীর উত্তরপত্র পরীক্ষা কক্ষে ফেলে রেখে অবশিষ্ট উত্তরপত্র সিলগালা করে বোর্ডে পাঠানো হয়। পরেরদিন মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে কক্ষে উত্তরপত্রটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একটি প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ওই ইনস্টিটিউটের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কারণ দর্শানোর নোটিস প্রদান করেন এবং বুধবার তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে বরখাস্ত করা হয়। একাডেমিক সুপার ভাইজার সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী জানান, দায়িত্বে অবহেলার কারণে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।