সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় এডাবের প্রশিক্ষণ সমাপ্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলায় শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাবের উদ্যোগে ‘‘আর্থিক ব্যবস্থাপনার’’ উপর তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ। এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এসএম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এডাবের কর্মসূচি পরিচালক  কাউসার আলম-কনক। প্রশিক্ষণে ২৫টি এনজিও’র প্রধানরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

পাইকগাছায় পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের

দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌর সদরের আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার এসএম হারুন অর রশিদ, প্রকল্প কর্মকর্তা মো. আলতাফ হোসেন, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল মান্নান, মো.আব্দুল করিম ও মো. আমির হোসেন। প্রশিক্ষণে পল্লী উন্নয়ন প্রকল্পের ভিলেজ পাইকগাছার ৬০ জন সদস্য অংশগ্রহণ করে।

বোচাগঞ্জে জাতীয় নদী রক্ষা কমিশনের

চেয়ারম্যানের তিনটি নদী পরিদর্শন

দিনাজপুর অফিস জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার গত বুধবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তিনটি নদী পরিদর্শন করেছেন। তিনি বোচাগঞ্জ উপজেলাধীন তিনটি নদী যথাক্রমে সোয়া নদী, টাঙ্গন নদী ও তুলাই নদী সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দীন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জয়নাল আবেদীন, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, বোচাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের পিএস আকতারুজ্জামান তালুকদার।

ডিমলায় বীজ ও সার বিতরণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলায় চলতি খরিপ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১০টি ইউনিয়নের ছয়শ’জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহম্মদ মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেকেন্দার আলী, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন প্রমুখ।

মাদারীপুরে নববর্ষ পালনে প্রস্তুতি সভা

মাদারীপুর প্রতিনিধি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। মাদারীপুর জেলা সদরসহ প্রত্যেকটি উপজেলা সদরে নববর্ষ পালনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা সদরের স্বাধীনতা অঙ্গনে চার দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন থাকবে। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা শিশু একাডেমী তিন দিনব্যাপী শিশু সমাবেশসহ নানা অনুষ্ঠানের আয়োজন করবে।  সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন।

নদী ভাঙনকবলিত এলাকা পানি সচিবের পরিদর্শন

মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বৃহস্পতিবার সকালে মেহেন্দিগঞ্জের নদী ভাঙনকবলিত শ্রীপুর, চরগোপালপুর, জাঙ্গালিয়া, চানপুর ও উলানিয়া এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন শেষে উপজেলা হেলিপ্যাডে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রমুখ।

রাণীনগরে ভাতার অর্থ বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা বুধবার বিকালে রাণীনগরে সেলাই প্রশিক্ষণে (রাজস্ব) অংশগ্রহণকারীদের মাঝে ভাতার অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৩০ জন সেলাই প্রশিক্ষণার্থীর মাঝে ৫৭ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদার সঞ্চালনা ও নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে মহিলা অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে ভাতা হিসেবে প্রতি প্রশিক্ষণার্থীর হাতে নগদ ১৯শ’ টাকা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস।

জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান এমডিভি কার্যক্রম-২০১৯ উপলক্ষে বৃহস্পতিবার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. রাজিব সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। স্বাস্থ্য সহকারী মীর মহসীন হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সন্জয় বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  শেখ মুস্তাফিজুর রহমান, এমডিভির সুপারভাইজার কওছার আহম্মেদ প্রমুখ।

জেলা জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন

মাগুরা প্রতিনিধি বৃহস্পতিবার মাগুরায় জেলা জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মাগুরার সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মো. রেজোয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমান প্রমুখ।

নোয়াখালীতে নিরাপদ সড়কের

দাবিতে মানববন্ধন-সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে মানববন্ধন-সমাবেশ করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বুধবার দেড় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েক শ’ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা জেলার বিভিন্ন রুটে চলমান ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, লাইসেন্স বিহীন ড্রাইভারদের নিষিদ্ধ, মাইজদী-ফেনী সড়কে সুগন্ধা দ্রুতযান বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং ও বেপরোয়া গাড়ি চালানো বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানায়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করে। উল্লেখ, গত ৩০ মার্চ জেলার মাইজদী-চৌমুহনী সড়কের একলাশপুরে বাসচাপায় নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের প্রথমবর্ষের ছাত্র শহিদুজ্জামান শাকিবসহ পাঁচজন নিহত হন।