সুনামগঞ্জের ছাতকে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডবাসী। এসময় তারা বিক্ষোভ মিছিল করে বিদ্যুতের আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে রাখে। গত বুধবার দুপুরে ছাতক-সিলেট সড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা আধঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধ চলাকালে যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে অবরোধকারীরা মিছিল সহকারে বিদ্যুত্ অফিস ঘেরাও করে রাখে। প্রায় এক ঘণ্টা পর ছাতকে দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার ঘটনাস্থলে পৌছে অফিস ঘেরাওকারীদের দাবি মেনে নিয়ে দ্রুত বিদ্যুত্ সমস্যার সমাধানের আশ্বাস দেন। অন্যান্য ওয়ার্ডের মতো পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডেও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে এসময় ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, সুদীপ দে, স্থানীয় আখলুছ মিয়া তালুকদার, হাজী বিরহাম আলী, আশিম শাহ, আগন মিয়া, আশক আলী, শাহ মোহাম্মদ রাজু, মোফাজ্জল হোসেন প্রমুখ।
