শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে কমান্ডোর আত্মহত্যা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:১২

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনীল বিক্রমাসিংহের সরকারি বাসভবনে বৃহস্পতিবার এক পুলিশ কমান্ডো আত্মহত্যা করেছেন। সরকারি কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি ও এনডিটিভির

স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এ সদস্য প্রধানমন্ত্রীর টেম্পল ট্রিজের বাসভবনের প্রবেশ পথে তার নামে সরকারিভাবে বরাদ্দ করা আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেন। এ সময় প্রধানমন্ত্রী তার কলম্বোর ওই বাসভবনে অবস্থান করছিলেন। এ কমান্ডো কী কারণে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে পুলিশ কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিরোধী দলের এক আইনপ্রণেতা বলেছেন, সামরিক ও পুলিশ বাহিনীর বাজেট নিয়ে পার্লামেন্টে বিতর্কের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে তার এই বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।