ঘনবসতিপূর্ণ খিলগাঁও, সিপাহীবাগ, গোড়ান, বাসাবো ও মুগদা এলাকার অফিসগামী লোকজনের সকালে মতিঝিল যেতে এবং বিকালে আবার ঘরে ফিরতে রীতিমতো যুদ্ধ করে লেগুনা ধরতে হয়। তাছাড়া এইসব এলাকা থেকে রিকশায় মতিঝিল বা গুলিস্তান পর্যন্ত ভাড়া ৮০/১০০ টাকার কম নয়। তাই খিলগাঁও-মুগদা-মতিঝিল-পল্টন-কাকরাইল-মালিবাগ-খিলগাঁও রুটে চক্রাকার বাস সার্ভিস প্রয়োজন। এই রুটে একসময় বিআরটিসির সার্কুলার বাস সার্ভিস চালু ছিল। কিন্তু লেগুনা ও টেম্পো শ্রমিক ও মালিকদের দৌরাত্ম্যের কারণে কিছুদিন চলার পর বিআরটিসি সার্কুলার বাস সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হয়। তাই সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় যে চক্রাকার বাস সার্ভিস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে, অনুরূপ সার্ভিস এ এলাকার জনগণের পরিবহন সমস্যা লাঘবে সহায়ক হবে। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ শহীদউল্যা, নাসরিন সুলতানা
৪/১ মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা
