ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি আলমগীরকে দেখতে হাসপাতালে সেতুমন্ত্রী

আপডেট : ০২ জুলাই ২০১৭, ২১:৩৩
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোয়াখালীর প্রবীণ সাংবাদিক, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নোয়াখালী জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফকে দেখতে রবিবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
 
এ সময় আলমগীর ইউসুফের শয্যা পাশে মন্ত্রী বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। পরে তিনি সাংবাদিক আলমগীর ইউসুফের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। 
 
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী পৌর বাজারের কাছে হিমাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় সাংবাদিক আলমগীর ইউসুফ গুরুতর আহত হন। এ সময় তার একটি হাত ও বুকের একাধিক হাড় ভেঙে যায়। এ সময় আলমগীর ইউসুফের সঙ্গে থাকা নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক (৫০) গুরুতর আহত হন। তাদের মধ্যে সাংবাদিক আলমগীর ইউসুফকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে এবং জিয়াউল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি