যৌন হয়রানি, ধর্ষণসহ নারী ও কন্যাশিশু নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সাথে অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের দাবি তোলেন তারা।
গতকাল বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে মহিলা পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। কবিতা আবৃত্তি করেন নায়লা তারান্নুম কাকলী।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিকে ভূমিকা রাখতে হবে। নারীর সমান অধিকারের বিষয়ে বলেন, যারা নিজেরা ধর্মের কিছুই মানেন না, তারাও নারীর অধিকার, নারীর সমান উত্তরাধিকারের প্রশ্নে ধর্মের দোহাই তোলেন। যা আমাদের অত্যন্ত পীড়িত করে। পরিবারের মধ্যে থেকে নারীর মর্যাদা নিশ্চিত করার কথা বলেন। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, নারীকে যদি মানুষ ভাবতে না পারি, তাহলে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না।
ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক বলেন, নারী নির্যাতনের ঘটনায় সুবিচার পাওয়ার জন্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, নারীর মর্যাদা রক্ষায় কাঠামোগত উন্নয়নের সাথে সাথে মানবিক উন্নয়নের দিকে নজর দিতে হবে। সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নারীর গৃহের কাজের অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা হলে, নারী ও কন্যার প্রতি নির্যাতন কমবে। তিনি আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। আরও কিভাবে কাজ করলে এটা বন্ধ হবে সেজন্য এই মতবিনিময় সভার সুপারিশ নিয়ে ভবিষ্যতে জোরালোভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম। মহিলা পরিষদের পক্ষ থেকে অভিজ্ঞতা তুলে ধরেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম। আরো বক্তব্য রাখেন, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাংবাদিক অজয় দাশগুপ্ত, আদিবাসী নারী নেটওয়ার্কের সভাপতি চঞ্চনা চাকমা, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি বনানী বিশ্বাস।
