সিঙ্গাপুর সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে চলমান যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের চূড়ান্ত দিনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সমন্বয়ে সিঙ্গাপুরের রিজিওনাল হিউম্যানিটেরিয়ান এসিসট্যান্স এন্ড ডিজাস্টার রেসপোন্স কো-অর্ডিনেশন সেন্টার (আরএইচসিসি) এর সঙ্গে ২৫টি দেশ ও ১৫টি আন্তর্জাতিক এনজিও -এর অংশগ্রহণে ৪ দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত অনুশীলন গত ১ এপ্রিল সিঙ্গাপুরে শুরু হয়।
বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনীসহ বেসামরিক কয়েকটি প্রতিষ্ঠানের ৪১ জন সদস্য উক্ত যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে অংশগ্রহণ করেন। দেশের বাইরে এবারই প্রথম বাংলাদেশ এই ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে সহযোগী আয়োজকের ভূমিকা পালন করছে।
সেনাবাহিনী প্রধান একই দিনে সিঙ্গাপুরের চিফ অফ ডিফেন্স ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল মেলভিন অং এর সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সফরকালে সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুরের স্বনামধন্য এসটি কিনেটিস ডিফেন্স ফ্যাক্টরিসহ বেশকিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
