ভাইকে পদ ফিরিয়ে দিলেন এরশাদ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:৪২

মাত্র ১৩ দিনের মাথায় ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদ ফিরিয়ে দিলেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল বৃহস্পতিবার রাতে এরশাদ নিজের স্বাক্ষরিত এক চিঠিতে দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন। এর আগে গত ২২ মার্চ জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতার পদ থেকেও  কাদেরকে বাদ দেন এরশাদ। ইতোমধ্যে রওশন এরশাদ বিরোধী দলের উপনেতা নিযুক্ত হয়েছেন। ফলে এই পদে জিএম কাদেরের আপাতত ফেরার সুযোগ কম।প্রসঙ্গত, জিএম কাদেরকে দুটি পদ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে রংপুরে আন্দোলন করেন নেতাকর্মীরা। বুধবার ঢাকায়ও মানববন্ধন হয়। রংপুরের নেতাকর্মীরা ৫ এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে পুনর্বহালে এরশাদকে আল্টিমেটাম দেন। অন্যথায় গণপদত্যাগের হুমকি দেন তারা। এর আগেরদিনই কাদেরকে একটি পদ ফিরিয়ে দিলেন এরশাদ।