এবার প্রেসিডেন্টপন্থি সব সরকারি কর্মকর্তার পদত্যাগ দাবি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:৪৪

কয়েক সপ্তাহ ধরে চলা ব্যাপক গণবিক্ষোভের মুখে ইতিমধ্যে পদত্যাগ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা। মঙ্গলবার জাতীয় গণমাধ্যমে তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ঘোষণা করা হয়। তবে তার এই পদত্যাগকে আন্দোলনকারীরা ‘প্রাথমিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছে। এখনও চুড়ান্ত বিজয় আসেনি বলে গতকাল এক সমাবেশ থেকে ঘোষণা করেছে তারা। তাদের দাবি, প্রেসিডেন্টপন্থি সব সরকারি কর্মকর্তাদেরকেও তার সঙ্গে বিদায় নিতে হবে।

গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা আবদেল আজিজ পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর মূলত দেশটির তরুণরা রাজপথে নেমে বিক্ষোভ শুরু করে। শারিরীকভাবে প্রায় অচল বুতেফ্লিকা নামে মাত্র প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্টপন্থি কর্মকর্তারা তার নাম ভাঙ্গিয়ে ব্যাপকভাবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। একারণে তরুণ সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরী হচ্ছিল।

বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্ট বুতেফ্লিকা সরাসরি অংশ নিতে পারতেন না বলে তার ছবি ব্যবহার করা হতো ‘প্রতিকী উপস্থিতি’ হিসেবে। একারণে বিরোধীরা তাকে ‘জীবন্ত লাশ’, ‘দ্য ফ্রেম’ ইত্যাদি বলে বিদ্রুপ করত। কিন্তু তারপরেও তিনি ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না।

প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা শোনার পর থেকে আলজেরিয়ার রাজপথে আনন্দ উল্লাস করছে সাধারণ মানুষ। তারা জাতীয় পতাকা নেড়ে, গান গেয়ে উচ্ছাস প্রকাশ করে চলেছে যা গতকালও অব্যাহত ছিল। কিন্তু বিক্ষোকারীদের পক্ষ থেকে বলা হয়, বুতেফ্লিকার নিজস্ব লোকজন দিয়ে যদি তত্বাবধায়ক সরকার গঠন করা হয়, তবে তা হবে বিদায়ী প্রেসিডেন্টের সরকারের আরেকটি ‘ছায়া’। তাই এমন সরকার তারা চান না। তারা পুরনো জঞ্জাল ঝাড়ু দিয়ে পরিস্কার করবে বলে হুমকি দিয়ে আরো কঠোর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

এদিকে, বিক্ষুব্ধ জনতা দেশটির রাজনৈতিক ব্যবস্থারও আমূল পরিবর্তন দাবি করেছে। তারা বলেছে, যে রাজনীতিতে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে ব্যবস্থার প্রতি জনতার আস্থা তৈরী হয় না। আন্দোলনকারী তরুণরা নতুন আঙ্গিকে সরকারব্যবস্থা গঠনের ওপর জোর দিয়েছে। -দ্য ইন্ডিপেন্ডেন্ট