ভূমধ্যসাগরের অ্যালবোরান দ্বীপের কাছে মঙ্গলবার অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবে ৪৯ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্পেনের কোস্টগার্ড এ কথা জানিয়েছে।
কোস্টগার্ড জানায়, মরক্কো থেকে আসা রাবারের একটি নৌকা স্পেনের অ্যালবোরান দ্বীপের কাছে তলিয়ে যায়। এতে ৪৯ জন নিহত হয়েছে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় উদ্ধারকৃত ৩ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোস্টগার্ডের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ৫২ জনের একটি গ্রুপ রাবারের নৌকায় করে মরক্কো থেকে রওনা হয়। স্পেনের কাছে অ্যালবোরান দ্বীপের কাছে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়।
কোস্টগার্ড দূর থেকে একটি নৌকার অর্ধাংশ ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনজনকে জীবিত উদ্ধার করে। বাকি ৪৯ জনের কোন হদিশ না পাওয়ায় ধারণা করা হচ্ছে বাকিরা মারা গেছেন। যদি তারা সত্যিকার অর্থে নিহত হয়ে থাকে তাহলে এটা হবে চলতি বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ঘটনা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, গত জানুয়ারি মাসে কয়েক দফায় উত্তর আফ্রিকা থেকে অভিবাসীবাহী নৌকা ভূমধ্যসাগর হয়ে স্পেনের উদ্দেশ্যে পাড়ি গিয়ে ৬০ জনের মতো নিহত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ হাজার ৪৬৪ জন অভিবাসন প্রত্যাশী এভাবে ভূমধ্যসাগর হয়ে স্পেনে পাড়ি জমিয়েছে। আর ২ হাজার ২৪৭ জন সাগর পথে স্পেন,ইটালি ও গ্রিস যেতে গিয়ে মারা গিয়েছে কিংবা নিখোঁজ হয়েছে বলে আইওএম জানিয়েছে। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
