ঢাকায় গর্ডন গ্রীনিজ

ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারলে ভালো করবে বাংলাদেশ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:৪৭

বঙ্গবন্ধু ওপেন গলফে অতিথি হয়ে বাংলাদেশে এসেছেন আমাদের জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ওয়েষ্ট ইন্ডিজের ক্রিকেটার গর্ডন গ্রিনিজ। কুর্মিটোলা গলফ কোর্সে তাকে পেয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন উঠবে না তা কী করে হয়! গলফের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা চাইলেন তাদের আয়োজনে গলফের আলোচনাটাই বেশি হোক। আর গণমাধ্যম শুরুই করল ক্রিকেট প্রসঙ্গ দিয়ে।

সংবাদ সম্মেলনে ক্রিকেট নিয়ে প্রশ্ন ছুড়তেই কৌতুক করলেন গর্ডন, ‘আমি কি জানতে পারি এটা (ক্রিকেট) কোন ধরনের খেলা?’ সবার হাসি থামাতে পুরো পরিবেশ আবার ঘুরিয়ে দিলেন ৯৭ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের কোচ। ‘যেসব দেশ বিশ্বকাপে খেলবে আমরা তাদের কাছে সেরা খেলাটাই দেখতে চাই। যেখানে লড়াই হবে, খুব ক্লোজ ফাইট হবে, উত্তেজনার পারদ ছড়াবে। কোনো দলকেই সেরা বলা যাচ্ছে না। কথাটা বলতে আমি কিছুটা সংকোচবোধ করছি, তারপরও বলছি বিশ্বকাপে আমার ফেভারিট দল হচ্ছে ভারত। তবে পরিষ্কার বলা যাচ্ছে না যে কোন দল বিশ্বকাপ জিতবে। ’

বিশ্বকাপ ক্রিকেটের গত আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছিল। এবার কেমন হতে পারে বাংলাদেশের পারফরম্যান্স! তা নিয়ে খুব একটা আশাবাদী মনে হলো না গর্ডনকে। তার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট অনেকটা পাকিস্তানের মতো। একদিন বেশি ভালো খেলে তো, আরেক দিন খারাপ। ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারলে ভালো কিছু করবে। তবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেললে অনেক আপসেটের ঘটনা ঘটতে পারে—এমন মন্তব্য করলেন গর্ডন। ধারাবাহিকতা নিয়ে গর্ডন বলছিলেন, ‘বাংলাদেশের ক্রিকেট গত এক দুই বছর আগে এখনকার চেয়ে ভালো ছিল। পারফরম্যান্সটা এখন একটু নিচে নেমে গেছে। বিশ্বকাপে কেমন করবে এটা বলা কঠিন।’ তবে কঠিন মনে হলেও তিনি বললেন, ‘বাংলাদেশ আপসেট করবে।’

বাংলাদেশের প্রতি গর্ডনের সমর্থন আছে। তবে বাস্তবতা মাথায় রেখে মাঠে লড়াইয়ের পরামর্শ গর্ডনের। ক্রিকেটার, কোচ, দর্শক একেকজন একেকভাবে খেলাটা দেখে, উপভোগ করে। তিনি বলছেন, ‘একজন ক্রিকেটার হিসাবে বাংলাদেশের খেলাটা উপভোগ করতে চাই।’ পরামর্শ দিলেন, ‘বাংলাদেশকে পরিকল্পনা করে খেলতে হবে, খুব ভালো ক্রিকেট খেলতে হবে এবং ক্রিকেটারদের খেলায় যেন ধারাবাহিকতা থাকে। খুব বেশি ভালো ক্রিকেট খেলতে হবে। তবে বলা কঠিন বাংলাদেশ কতদূর যাবে।’

৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। সেবার বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট দুনিয়ায় হৈচৈ ফেলে দেয়। তখনকার দল এবং এখনকার দল নিয়ে মন্তব্য করতে গিয়ে গর্ডন বলেন, ‘পরিষ্কারভাবে বলা কঠিন। সেই দল এবং এই দলটার মধ্যে পার্থক্য তো আছেই। সময়ের ব্যবধান। আমি মনে করি তখনকার দলটা ভালো ছিল। তবে এখন যারা আছেন তাদের প্রতি শুভ কামনা থাকল।’ প্রসঙ্গত, বঙ্গবন্ধু ওপেন গলফের পৃষ্ঠপোষক ন্যাশনাল ব্যাংকের আমন্ত্রণে গর্ডন গ্রিনিজ বাংলাদেশে এসেছেন।