একদিন পরই ভারতীয় টেলিভিশন জি নেটওয়ার্কের চ্যানেলগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে। আইন লঙ্ঘন করে বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন কেন প্রচার হচ্ছে- তা জানতে চেয়ে তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে নোটিস দেওয়ার পর পরিবেশক প্রতিষ্ঠান জাদু ভিশন লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশে ওই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরপর গত বুধবার ফের তা বাংলাদেশের দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। জাদু ভিশন লিমিটেডের কাস্টমার সার্ভিস বিভাগের কর্মকর্তা ফায়সাল সাংবাদিকদের জানিয়েছেন, গত বুধবার দুপুর ১২টা থেকে বন্ধ থাকা জি নেটওয়ার্কের চ্যানেলগুলো খুলে দেওয়া হয়েছে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’-এর উপধারা-১৯(১৩)-এর বিধান লঙ্ঘন করে বাংলাদেশে ডাউনলিঙ্ক করা বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করায় জাদু ভিশন লিমিটেডের পাশাপাশি নেশনওয়াইড মিডিয়া লিমিটেডকে সোমবার কারণ দর্শাও নোটিস পাঠায় তথ্য মন্ত্রণালয়। সাত দিনের মধ্যে ওই দুটি প্রতিষ্ঠানকে নোটিসের জবাব দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে জি নেটওয়ার্কের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, আইন প্রয়োগ করেছে। তিনি বলেন, বাংলাদেশের ‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন মতে বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে কোনো ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করা যায় না। একই ধরনের আইন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অন্যান্য দেশে আছে জানিয়ে মন্ত্রী বলেন, সে সব দেশে এ আইন মানা হয়। বাংলাদেশের যারা টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তারা জানেন, আপনাদের টেলিভিশন চ্যানেল যখন যুক্তরাজ্যে প্রদর্শন করা হয় তখন এখানে যে বিজ্ঞাপনগুলো দেখান, সেগুলো সেখানে দেখানো যায় না। সেখানে সেই দেশের বিজ্ঞাপন দেখানো যায়।
