ফরহাদ মজহার উদ্ধারে সরকারকে হেফাজত ইসলামের ধন্যবাদ

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৩:২৮
 
ফরহাদ মজহারকে ‘দ্রুত উদ্ধারে ভূমিকা রাখায়’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির চার নেতা বুধবার এক বিবৃতিতে এই বিষয়টিতে ‘ত্বরিত কার্যকর পদক্ষেপ নেওয়ায়’ পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারকেও ধন্যবাদ দেওয়া হয়।
 
বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মুফতি ফয়জুল্লাহ ও মুঈনুদ্দিন রুহী। ফরহাদ মজহার গত সোমবার ভোরে ঢাকার বাড়ি থেকে বের হওয়ার পর অপহূত হন বলে থানায় অভিযোগ করে তার পরিবার। ১৮ ঘণ্টা পর যশোরে ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করে র্যাব ও পুলিশ। তবে তারা অপহূত হওয়ার কোনো ইঙ্গিত না পাওয়ার কথা জানায়।
 
বিবৃতিতে বলা হয়, “দেশের এক নগণ্য নাগরিক ফরহাদ মজহারের জীবন রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং তাতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে। বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “স্বাধীন-সার্বভৌম শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সকল ধরনের হস্তক্ষেপ ও অন্যায় আবদার সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ান। হেফাজতে ইসলামসহ দেশপ্রেমিক সকল নাগরিক আপনার এমন পদক্ষেপে সার্বিক সহযোগিতা করবে।”
 
ইত্তেফাক/আনিসুর