ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 'গৌরবের ৬৪ বছর' শীর্ষক কর্মসূচির শুরুতে সকাল ১০টায় প্রশাসনভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান জাতীয় পতাকা উত্তোলন করেন।এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এম আখতার ফারুক বিশ্ববিদ্যালয় পতাকা এবং প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন।
এরপর উপাচার্য শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য-সচিব ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিনেটভবন চত্বরে উপাচার্য একটি বৃক্ষরোপণ করেন। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা নিয়ে প্রশাসন ভবনের সামনে জড়ো হয়। সেখান থেকে বাদ্য-বাজনা ও বাঁশির মন মাতানো সুরে মেতে উঠে শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে আবেগঘন বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং ছাত্র উপদেষ্টা এম মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রফেসর এম সাইদুর রহমান খান। আলোচক ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম এবং বাঙালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক প্রফেসর রকীব আহমদ। স্বাগত বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। এসময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অর্জন অক্ষুণ্ণ রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত হয়ে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৫৩ সালের ৩১ মার্চ পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদে Rajshahi University Act, 1953 (East Bengal Act XV of 1953) পাশ হয়। একই বছর ১৬ জুন এই অ্যাক্ট গেজেট আকারে প্রকাশিত হয় এবং ৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ও কলা অনুষদের ডিন ড. ইৎরত হোসেন জুবেরীর উপাচার্য পদে যোগদানের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ১৯৫৪ সালে শুরু হয়।
এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ৫৭টি বিভাগ, ১০টি ফ্যাকাল্টি এবং ৬টি ইনস্টিটিউটে বিস্তৃত। এই বিশ্ববিদ্যালয়ে ১১ টি ছাত্র হল, ৬টি ছাত্রী হল এবং একটি গবেষক-ডরমিটরি রয়েছে। ২০১৭ সালের জানুয়ারি মাসে প্রকাশিত ডায়েরির তথ্যানুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যা একহাজার ২১৬, শিক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৪৩৭, কর্মকর্তা ৭৮৭, সহায়ক কর্মচারী ৬৬৫, সাধারণ কর্মচারী ১ হাজার ২৫৮ জন।
ইত্তেফাক/জামান
