বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর গলায় দড়ি

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২২:২১
 
বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুর একদিন পর স্ত্রী গলায় দড়ি দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে গৃহবধূ লাকি'র (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
 
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, লাকির স্বামী লিটন আয়শা মোশারফ মার্কেটের আল মদিনা বস্ত্রালয় নামে একটি দোকানের কর্মচারী। বুধবার দুপুরে কদমতলীর শনির আখড়ায় ওই মার্কেটের সামনে বৃষ্টির পানিতে বিদ্যুতের তার পড়ে যায়। লিটন বৃষ্টির পানিতে পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। লিটনের লাশ বুধবার রাতে মাতুয়াল কবরস্থানে দাফন করা হয়।
 
ওসি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে লাকির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বাড়ির মালিক শাজাহান পুলিশকে জানায়, এক বছর আগে তাদের মধ্যে বিয়ে হয়। বুধবার লিটন মারা যাওয়ার পর লাকি খুবই শোকার্ত ছিলেন। স্বামীর শোকে লাকি হয়তো গলায় দড়ি দিতে পারেন। বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা-তা নিশ্চিত হতে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান