মাদক ব্যবসায়ী, বাহক ও মাদকসেবীদের তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড আয়োজিত সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে তিনি এ আহবান জানান। তিনি বলেন, নগরীর অধিকাংশ ওয়ার্ডে ইতিমধ্যে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিজ নিজ ওয়ার্ডে মাদকাসক্ত, বাহক ও মাদক ব্যবসায়ীদের নামের তালিকা প্রস্তুত করেছে। এই তালিকা শিগগিরই ঘোষণা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে মাদকসেবী, বাহক ও মাদক ব্যবসায়ীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, তারা অবহেলা করলে আমাকে বলুন। আপনারা ভয় পাবেন না।
