মাগুরায় সাকিবের বাড়ির সামনে রাস্তার বেহাল অবস্থা

আপডেট : ০৭ জুলাই ২০১৭, ০৩:৪৬

বিশ্বের এক নম্বর অল রাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। ‘সাকিব আল হাসান, বাংলাদেশের প্রাণ’। ব্যাট হাতে সাকিব খেলতে নামার সাথে সাথে এমনি হাজারো স্লোগানে মুখরিত থাকে পুরো দেশ। এমনকি পুরো বিশ্বেও এখন সাকিবের ভক্ত প্রচুর। সামান্যেই সাকিবের বন্দনায় পঞ্চমুখ হয় মিডিয়া পাড়া। অথচ মাগুরা শহরে এ বরেণ্য ক্রিকেটারের নিজ বাসভবনের সামনে এলে এর কোনো প্রমাণই পাওয়া যায় না।

শহরের মাঝেই কেশব মোড় এলাকায় সাকিবের পৈতৃক তিনতলা বাড়িটির সামনে এলে যে কেউ মনে করবেন এটি যে কোনো আম আদমীর বাড়ি। অথচ ছুটিতে এলে এখানেই পরিবার নিয়ে উঠেন বিশ্বখ্যাত এই ক্রিকেটার। এখানেই রাত যাপন করেন তিনি। তাকে দেখতে হাজারো ভক্ত ভিড় জমায় এখানে। অথচ তার বাড়ির সামনের রাস্তাটির অত্যন্ত ভগ্নদশা। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এ গর্তে পানি জমে যায়। আর বৃষ্টি যদি একটু বেশি হয় তবে তো কথাই নেই। এখানে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। কিন্তু সেদিকে খেয়াল নেই কর্তৃপক্ষের। এতে অসন্তোষ জানিয়েছেন সাকিবের ভক্তরা।

খুলনা থেকে মাগুরায় সাকিবের বাড়ি দেখতে আসা অর্পিতা নন্দী, সুস্মিতা নন্দী, মনোময় ঘোষ, সাইদুল ইসলামসহ একাধিক সাকিব ভক্ত বলেন, ক্রিকেট বিশ্বের লিজেন্ডদের মধ্যে সাকিব অন্যতম। সাকিব আমাদের দেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করেছেন। অথচ মাগুরায় তার বাড়ির সামনে এসে মনটা খারাপ হয়ে গেল। ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে কষ্ট হয়। একজন দেশসেরা ক্রিকেটার হিসেবে সাকিবের বাড়ির সামনের রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন  ও সুন্দর থাকা উচিত ছিল।

এ প্রসঙ্গে মাগুরা পৌরসভার প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম জানান- শহরের বেশ কিছু রাস্তা নির্মাণের জন্য ইতিমধ্যে টেন্ডার করা হয়েছে। অচিরেই এসব রাস্তার কাজ শুরু হবে।

ইত্তেফাক/নূহু