গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নেতৃত্বে মন্ত্রণালয়ের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ১৬-২০ মার্চ কানাডার অটোয়া সফর করেন। সফরকালে হাবিবুন নাহার ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস ২০১৯ উপলক্ষে হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
১৮ মার্চ ২০১৯ তারিখ তিনি কানাডার পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক দূত মিস পেট্রেসিয়া ফুলারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসময়ে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দল এবং কানাডায় নিযুক্ত হাইকমিশনার মিজানুর রহমান ও কাউন্সেলর (রাজনৈতিক) মিয়া মোঃ মাইনুল কবির উপস্থিত ছিলেন।
অলোচনাকালে উপমন্ত্রী বর্তমান সরকারের সময় বাংলাদেশের অর্জিত আর্থসামাজিক উন্নয়নের কথা উল্লেখ করেন। বৈশ্বিক পরিবেশ পরিবর্তনের কারণে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক ও বাংলাদেশ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের পারস্পরিক সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন। মিস ফুলার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কানাডা সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ যেমন ২০১৫-২০২০ সময়কালে ২.৬৫ বিলিয়ন ডলার বরাদ্দের কথা উল্লেখ করেন ।
তিনি কানাডার ক্যুবেক শহরে জুন, ২০১৮ এ অনুষ্ঠিত এ G7 Outreach Leaders’ Summit-এ কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং উক্ত সম্মেলনে সমুদ্র, সামুদ্রিক সম্পদ রক্ষা এবং সমূদ্র উপকূলে বসবাসকারী জনগণের সহায়তা সম্পর্কিত আলোচনার কথা উল্লেখ করেন। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকারের পদক্ষেপসমূহ যেমন, Climate and Clean Air Coalition (CCAC) -এ যোগদান, সরকারের উদ্যোগে Trust Fund গঠন ইত্যাদির প্রশংসা করেন।
আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদল প্রযুক্তি হস্তান্তর এবং অন্যান্য সেক্টরের পাশাপাশি বাংলাদেশে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ও সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় ও টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (SDGs) অর্জনে কানাডা সরকারের সহযোগিতা কামনা করেন।
ইত্তেফাক/আরকেজি
