ঢাকায় প্রতি ১১ জনে একজন চিকুনগুনিয়ায় আক্রান্ত!

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১০:১৪
বাংলাদেশের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইন্সটিটিউটের সামপ্রতিক একটি জরিপে জানা গেছে, রাজধানী ঢাকার প্রায় প্রতি ১১ জনের একজন চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় একদশক ধরে বাংলাদেশে রোগটি দেখা দিলেও এবারের মতো প্রকোপ আগে দেখা যায়নি।
 
এই রোগে প্রচণ্ড জ্বর থেকে ওঠার পরেও শরীরে ব্যথা থেকে যায় দীর্ঘদিন। চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন, বিশেষ করে যাদের প্রতিদিনকার আয়ের উপর নির্ভর করতে হয়।
 
চিকুনগুনিয়া ভাইরাস থেকে বাঁচতে মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। ঢাকার গ্রিন লাইফ হাসপাতালের সহকারী পরিচালক, ডা. নাজিয়া হক বলছেন, গত কয়েক মাসে অন্য জ্বরের রোগীর তুলনায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগীই তাদের কাছে বেশি আসছে।
 
ডা. নাজিয়া হক বলছেন, জ্বর আক্রান্ত রোগীদের মধ্যে গত কিছুদিন ধরে আমাদের এখানে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীই বেশি আসছেন। এদের মধ্যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবাই রয়েছেন।
 
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মিরজাদি সাবরিনা ফ্লোরা বলছিলেন, ২০০৮ সাল থেকে এই রোগটি বাংলাদেশে সনাক্ত হলেও, এবছরই সবচেয়ে বেশি প্রকোপ দেখা যাচ্ছে। তিনি বলছেন, মোবাইল নাম্বারের ভিত্তিতে র‍্যানডমলি আমরা ৪ হাজার মানুষের মধ্যে একটি জরিপ করেছি।
এখনো সেই জরিপের ফলাফল চূড়ান্ত হয়নি, পর্যালোচনা চলছে, তবে একটি ধারণা দিতে পারি। এই চার হাজার লোকের মধ্যে ৩৫৭জন চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। এ থেকে হয়তো ধারণা করতে পারেন যে, কত শতাংশ মানুষ রোগটিতে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসি বাংলার।
 

ইত্তেফাক/এএম।