ঢাকায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নিতে এসে ট্রেনে কাটা পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মী তাহের মিয়া (৩৫)। তিনি নীলফামারীতে উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের ফায়ার ম্যান ছিলেন। আজ শনিবার সকাল সোয়া ৭টায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় তিনি আজ সকাল সোয়া ৭টার দিকে নীলফামারী থেকে ঢাকাগামী নীল-সাগর এক্সপ্রেস ট্রেন থেকে বিমানবন্দর রেল স্টেশনে নামেন। ট্রেনটি দুই নম্বর লাইনে থেমে ছিল। তিনি প্ল্যাটফর্মে উঠতে এক নম্বর রেল লাইন পার হতে গিয়ে কমলাপুর থেকে ছেড়ে আসা অপর একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খান। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তাহের মিয়ার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।
ইত্তেফাক/এমআই
