গণমানুষের বঞ্চনা, বিপ্লবী চেতনা ও অধিকারের কথা বলে গণসংগীত। সংগীত ধারাটির নানা আঙ্গিকের গান নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় গণসংগীত উত্সব শুরু হচ্ছে আজ। সারাদেশের ৩২টি গণসংগীতের দল বিষয়ভিত্তিক গান পরিবেশন করবে আগামী তিন দিন। যেখানে প্রায় সাড়ে সাতশ শিল্পী একক ও দলীয় গানের পাশাপাশি নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। থাকছে গণসংগীত বিষয়ক সেমিনার।
‘বিভেদের কূটচাল— ভেঙে করো চুরমার, সংগ্রামী ঐক্যে— মানবতা জাগবেই’। এই প্রতিপাদ্যে আজ শুক্রবার বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উত্সবের উদ্বোধন করবেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন উত্সব উদ্যাপন কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উত্সবের বিস্তারিত তুলে ধরেন গোলাম কুদ্দুছ। ফকির আলমগীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উত্সবের সদস্য সচিব মানজার চৌধুরী সুইট।
