বিশ্বমঞ্চে বাংলাদেশ উন্নয়নশীল ‘জায়ান্ট’ ---ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০০:২৯

যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন এক উন্নয়নশীল ‘জায়ান্ট’। যুক্তরাজ্য বাংলাদেশের সাথে শক্তিশালী রাজনৈতিক অংশীদারিত্ব চায়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত কসমস সংলাপে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, শক্তিশালী রাজনৈতিক সম্পর্কের এক বিশাল সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশ বিশ্বমঞ্চে উন্নয়নশীল জায়ান্ট হিসেবে তাদের ন্যায্য জায়গায় অধিষ্ঠিত হয়েছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং বৈশ্বিক সুযোগ রক্ষায় দুই দেশ একসাথে কাজ করতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক সফলতার গল্পের ওপর গড়ে উঠা যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ককে বিস্তৃত করতে আমরা আগ্রহী। ব্রেক্সিটের পর নতুন অংশীদারিত্বের জন্য ব্রিটেন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দ্রুত-বর্ধনশীল অর্থনীতিগুলোর দিকে নজর দেবে বলে জানান তিনি। হাইকমিশনার ডিকসনের মতে, জলবায়ু পরিবর্তন এবং উন্মুক্ত ও অবাধ আন্তর্জাতিক বাণিজ্য সমর্থনের মতো বিষয়গুলোতে জাতিসংঘ ও কমনওয়েলথে যুক্তরাজ্য ও বাংলাদেশ একসাথে কাজ করতে পারে।

কসমস ফাউন্ডেশন তাদের অ্যাম্বাসেডর লেকচার সিরিজের দ্বিতীয় সংস্করণের অংশ হিসেবে ‘বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।