গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত সরকার পদক্ষেপ নিয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০০:২৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘বিএনপি সংসদে না থেকেও রাজপথে বক্তব্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে জায়গা করে নিচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হয়েও তেমন জায়গা পায় না। বিএনপি নেতারা সকাল বিকাল দুইবেলা বক্তব্য দিয়েও বলেন, তাদের না কি কথা বলার অধিকার নেই।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিচালিত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ক দুটি ডিপ্লোমা কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি উন্নত জাতি গঠনে গুণগত ও মানসম্মত চলচ্চিত নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মোহাম্মদ আজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, বিসিটিআইয়ের পরিচালক মারুফ নেওয়াজ, কোর্স পরিচালক ম. হামিদ, শাহনাজ নাসরীনসহ এনআইএমসির বিসিটিআইয়ের কর্মকর্তাবৃন্দ। পরে তথ্যমন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ চলচ্চিত্র পরিচালক ও নির্মাতাদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করেন।