কনফেডারেশন্স কাপে রেফারীকে অপমান করায় ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মেক্সিকান কোচ হুয়ান কার্লোস ওসোরিও। এর ফলে কাল থেকে শুরু হওয়া গোল্ড কাপে মেক্সিকোর শিরোপা ধরের রাখার পথে বড় বাঁধার সৃষ্টি হলো।
গত ২ জুলাই পর্তুগালের বিপক্ষে কনফেডারেশন্স কাপের মেক্সিকোর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচের পরে ফিফা বেশ কড়া ভাষায় বিবৃতি দিয়ে বলেছে, ‘ম্যাচ রেফারীদের প্রতি ওসোরিও অপমানজনক ভাষা ব্যবহার করেছেন এবং তাদের দিকে আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে গেছেন। পুরো পরিস্থিতি বিবেচনায় ওসোরিওকে ছয়টি আনুষ্ঠানিক ম্যাচে নিষিদ্ধ করা হলো। একইসাথে তাকে সতর্ক করে দেবার পাশাপাশি ৫ হাজার সুইস ফ্রাংক জরিমানা করা হয়েছে।’

কনফেডারেশন্স কাপের স্থান নির্ধারনী ম্যাচটিতে মেক্সিকো বেশ ভালভাবেই জয়ের ধারায় ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে পেনাল্টিতে মস্কোতে শেষ পর্যন্ত জয় তুলে নেয় পর্তুগীজরা।
শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয়ান দলগুলোর সমন্বয়ে আয়োজিত কনকাকাফ গোল্ড কাপ। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মেক্সিকো ৯ জুলাই এল সালভাদোরের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে। ১৩ জুলাই গ্রুপের পরবর্তী ম্যাচে ডেনভারে জ্যামাইকা ও ১৬ জুলাই সান এন্টোনিওতে কুয়ারাকোর মোকাবেলা করবে মেক্সিকো। বাসস।
ইত্তেফাক/রেজা
