কনস্টেবল পারভেজের সাহসিকতার অনন্য দৃষ্টান্ত

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২১:০২
 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুরে শুক্রবার সকাল ১১টার দিকে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া তখন মহাসড়কে ট্রাফিক জ্যাম সামলাতে ব্যস্ত ছিলেন।
 
বাসটি খাদে পড়ে যাওয়ার ঘটনা দেখেই তিনি ইউনিফর্মসহ লাফ দিয়ে ডোবায় পড়েন এবং দুর্ঘটনায় পড়া যাত্রীদেরকে গাড়ীর ভিতর থেকে বের করে আনার উদ্দেশ্যে নিজের জীবন বাজি রেখে একটির পর একটি করে গাড়ির জানালার গ্লাস ভেঙ্গে দিতে থাকেন। গাড়ীর গ্লাসগুলো ভেঙ্গে তিনি নিজে পানির নিচে গাড়ীর ভিতরে ঢুকে পড়েন এবং সাত মাসের এক শিশু ও পাঁচ নারীসহ ১০/১২জন যাত্রীকে টেনে গাড়ীর ভিতর থেকে বের করে আনেন। তখন স্থানীয় জনগণও তাকে উদ্ধার কাজে সহযোগিতা করেন।
 
কনস্টেবল পারভেজ মিয়ার সাহসিকতায় হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম ৫০ হাজার টাকা, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা, স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার তার জন্য পাঁচ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেন। কনস্টেবল পারভেজ মিয়ার গ্রামের বাড়ী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়।
 
ইত্তেফাক/জামান