সাভারের আশুলিয়ায় একটি ডোবা থেকে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মরিয়ম (৪)। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মরিয়ম শেরপুর জেলাধীন ঝিনাইগাতী থানার বেলাল মিয়ার মেয়ে। সে তার মা-বাবার সাথে টঙ্গাবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। স্থানীয়রা জানায়, বুধবার বিকালে মরিয়ম নিখোঁজ হয়। পরে গতকাল সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পথচারী ডোবার মধ্যে শিশু মরিয়মের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আশুলিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কানিজ মহুয়ার (২৬) মরদেহটি গতকাল দুপুরে আশুলিয়ার গুমাইল ইটখোলা এলাকার আব্দুল আজিজের বাড়ির চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়। নিহত কানিজ মহুয়া মাগুরা জেলাধীন শ্রীপুর থানার তখলপুর গ্রামের মৃত সারোয়ার খন্দকারের মেয়ে। তার স্বামী সোহেল রানা একটি কারখানায় চাকরি করে। তাদের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের স্বামী সোহেল জানান, বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে তা মিটে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির বেলকনিতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীকে পাওয়া যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
