আত্মীয়ের লাশ দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল নামে ধামরাইয়ের এক যুবক। মাত্র কয়েক মাস আগে বিয়ে করেন তিনি। বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান হেলাল। নিহত হেলাল উপজেলার বালীথা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম নপুর বড় ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে হেলাল ও তার পরিবারের সদস্যরা কয়েক কিলোমিটার দূরে ওই আত্মীয়ের বাড়িতে তার লাশ দেখতে যান। হেলাল যান মোটর সাইকেলযোগে। লাশ দেখে বাড়ি ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কে বাথুলী এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা সিমেন্টের মিকচার বহনকারী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক হেলাল ঘটনাস্থলেই নিহত হন। হেলালের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
